কাতারে বৃহৎ মার্কিন রেডার স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি তেহরানের

- সর্বশেষ আপডেট ১১:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 177
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বড় রেডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের কয়েকটি গণমাধ্যম। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি দ্রুত বিস্তৃত হয় উপসাগরীয় অঞ্চলে। পাল্টাপাল্টি আঘাতে শুধু প্রাণহানিই নয়, বিপুল মূল্যের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে আসছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাদের দাবি, নিখুঁত আঘাতে প্রায় ১১০ কোটি ডলার মূল্যের ওই স্থাপনা ধ্বংস হয়েছে।
সংশ্লিষ্ট রেডারটি উপসাগরীয় অঞ্চলে আকাশপথ নজরদারির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছে।
তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা কাতার কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এমন দাবিকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে।

































