কলাপাড়ায় ৫ লক্ষ বাগদা পোনা অবমুক্ত

- সর্বশেষ আপডেট ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 144
কলাপাড়া উপজেলার বাবলাতলা বাজারে অবৈধভাবে বাগদা পোনা সংগ্রহ ও বিপণনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ বাগদা পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বাগদা পোনাগুলো পরিবেশ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে বাবলাতলা ঠোডা এলাকার সমুদ্রে অবমুক্ত করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী বাগদা পোনা ধরা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। এ আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা অনধিক দুই বছর কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,
“বাগদা পোনা নিধন সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। কেউ আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও মৎস্য খাতের টেকসই উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে এবং অবৈধ পোনা সংগ্রহ ও বেচাকেনা থেকে বিরত থাকতে হবে।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ পোনা ধরা ও বিপণনের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।
































