বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব আটক

- সর্বশেষ আপডেট ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 69
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনায় ও সমালোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। প্রায় ছয় সপ্তাহ পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হন তিনি।
এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালারও ক্ষতি হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।
































