গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বদলে যাবে দেশের রাজনৈতিক কাঠামো: প্রধান উপদেষ্টা

- সর্বশেষ আপডেট ০৭:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 131
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটের হিসাবের লড়াই নয়, এটি দেশের রাজনৈতিক কাঠামোর জন্য একটি অভূতপূর্ব পরিবর্তনের সুযোগ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং দেশের ভবিষ্যতকে নতুন পথে ধাবিত করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশের ভবিষ্যত বদলে যাবে।
তিনি যোগ করেন, “এ সরকারের সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যর্থতা ছিল খুব সীমিত।”
প্রেসসচিব শফিকুল আলম আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছে। পাশাপাশি, অনেক বিদেশি পর্যবেক্ষক আসার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের কোনো প্রকার নির্বাচন বানচালের ক্ষমতা বা এখতিয়ার নেই। মূলত এবারের নির্বাচন দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে এবং জনগণের ভোটাধিকারকে প্রাধান্য দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

































