এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধ চান সিইসি

- সর্বশেষ আপডেট ১২:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 64
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার ঘটনা আর দেখতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সেবা প্রদানে দীর্ঘসূত্রতা বন্ধ করে আবেদনকারীদের দ্রুত সাড়া দেওয়া এবং দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, প্রতিদিন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করার সময় এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি আবেদন তাঁর নজরে আসে। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাঁকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবায় হয়রানির খবর প্রকাশিত হলেও তিনি অস্বস্তি বোধ করেন।
তিনি বলেন, ‘আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়। এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই।’
আবেদন গ্রহণের পর নাগরিকদের দ্রুত বার্তা পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি আবেদনকারীকে জানাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করতে হবে। এ জন্য আবেদনকারীকে মেমো বা সিরিয়াল নম্বর দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি জানা যায়।
এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দায়িত্ব এড়ানো যাবে না।
সিইসি বলেন, ‘ব্লেইম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেইম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’
সেবা প্রদানের ক্ষেত্রে নাগরিকদের প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় নেওয়ারও পরামর্শ দেন তিনি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখার ওপর জোর দেন সিইসি। পাশাপাশি আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
জাতীয় পরিচয়পত্রকে নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, এটি শুধু একটি সাধারণ কার্ড নয়; একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল।
স্মার্ট কার্ড বিতরণের সীমাবদ্ধতা থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের কাছে পরিচয়পত্র পৌঁছে দেওয়ার বিষয়েও অংশীজনদের পরামর্শ চান তিনি। শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোডের নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হবে না বলে মন্তব্য করেন সিইসি। যাঁরা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁদের জন্য সহজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারে; এমন আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এনআইডি সেবায় নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতা তুলে ধরে সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ন্যূনতম শর্ত নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির মুখে পড়তে না হয়।
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকেরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অংশীজনদের অভিজ্ঞতা ও পরামর্শ চেয়ে সিইসি বলেন, এনআইডি সেবায় হয়রানি থাকবে না, দুর্নীতির শিকার হয়ে কাউকে সেবা নিতে হবে না; এটাই তাঁর প্রত্যাশা।
































