এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

- সর্বশেষ আপডেট ১০:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 132
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার প্রায় ৮০ শতাংশ হবেন নারী। এই ঘোষণা তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ফেসবুক পোস্টে দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মানুষ, পশুপাখি ও পরিবেশের সুস্থতা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এ জন্য সকল প্রাণের সুরক্ষা আজ সময়ের দাবি। এক স্বাস্থ্য ধারণা (One Health) মানুষ ও পরিবেশ উভয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জরুরি।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বিশ্বের বিজ্ঞানের অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানসম্মত, টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।
তিনি ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার প্রসারের ওপর জোর দিয়েছেন।
সরকার ‘প্রতিরোধই প্রতিকার থেকে উত্তম’ নীতি অনুযায়ী সকলের জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এ ছাড়া ই-হেলথ কার্ড, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, স্বাস্থ্যবিমা, চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে জোরদার করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি সকলকে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬-এর শুভেচ্ছা জানিয়েছেন।
































