ঈদের পর সিটি করপোরেশন নির্বাচন

- সর্বশেষ আপডেট ০৪:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 131
রমজান মাস শেষ হলেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে, তবে তার আগে নির্ধারিত উপ-নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলেও তিনি স্পষ্ট করেছেন।
রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের আশা করছে কমিশন। ইতোমধ্যে ঘোষিত উপ-নির্বাচনের তফশিল অনুযায়ী সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। সামনের সময়ে স্থানীয় সরকারসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে কমিশনকে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব। তবে আইন প্রণয়ন করে সংসদ; সংসদ যে কাঠামো নির্ধারণ করবে, সেই কাঠামোর মধ্যেই কমিশনকে কাজ করতে হয়।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—এ প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। চলমান উপ-নির্বাচনগুলোর প্রস্তুতি নিয়েও কমিশন সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে কোথাও কোনো ঘাটতি থাকলে তা পর্যালোচনা করা হবে।
বক্তব্যের শেষাংশে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।































