৮ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা

- সর্বশেষ আপডেট ১১:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 441
দেশের আট বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে রয়েছেন।
নবগঠিত কমিটির প্রধান দায়িত্ব হবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের একটি কার্যকর নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী বাছাইয়ের স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারীদের জন্য বর্তমানে চলমান কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না, তা যাচাই করবে কমিটি। পাশাপাশি সুবিধাভোগীদের নির্ভুল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে সংযোগ স্থাপন করে একটি সমন্বিত ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশ করা হবে।
সরকার আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।






























