ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই

- সর্বশেষ আপডেট ০৭:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 161
ঈদযাত্রার আগে রাজধানীর বাস টার্মিনালে শৃঙ্খলা বজায়, কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই।
সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গত সাতদিনে যাত্রীদের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো ঘটনা পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে ২০ থেকে ৫০ টাকা কমে ভাড়া নেওয়া হচ্ছে।
মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে মন্ত্রী বলেন, যাত্রীরা টিকিট কেটে শান্তভাবে বাসে উঠছেন এবং বাসগুলো নিয়মমাফিক টার্মিনাল ছাড়ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন শ্রমিকরা সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি আরও জানান, বিকেল থেকে যাত্রী চাপ বাড়তে পারে। পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে এবং টার্মিনালে ঢোকা-বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রধান সড়কে যানজট না হয়। এছাড়া তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না।
মন্ত্রীর মতে, মাত্র দুই থেকে আড়াই দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন। সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সচেষ্ট।































