ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খসড়ায় কি আছে?
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 22
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থামাতে ইরান ও যুক্তরাষ্ট্র এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারকে পৌঁছানোর কাছাকাছি এসেছে—যেখানে যুদ্ধবিরতি থেকে শুরু করে নিষেধাজ্ঞা শিথিলের মতো বড় সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাক্সিওস ও রয়টার্সের বরাতে জানা গেছে, দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই একটি সংক্ষিপ্ত সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরবর্তী ৩০ দিনের বিস্তৃত চুক্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে।
খসড়া অনুযায়ী, এই প্রাথমিক স্মারকটি যুদ্ধ পরিস্থিতির অবসান ঘোষণা করবে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো বিষয়গুলো আলোচনায় আনবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা অর্থ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারে।
সূত্রগুলো বলছে, সমঝোতা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থানে ফিরে যেতে পারে—এমন একটি শর্তও খসড়ায় থাকতে পারে। এদিকে ইরান ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির ওপর জোর দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হলেও দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।




































