ইরানে আটক মার্কিনিদের মুক্তি চাই যুক্তরাষ্ট্র
- সর্বশেষ আপডেট ১১:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 21
ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির প্রশ্নটি সামনে রেখেই তেহরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আসন্ন বৈঠকে বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, চলমান সংঘাত থামাতে আলোচনার অংশ হিসেবেই বন্দি ইস্যুটি তুলতে চায় ওয়াশিংটন।
প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী পরিস্থিতির পর দুই দেশ সাময়িকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই বিরতিকে টেকসই সমাধানে রূপ দিতে নতুন করে আলোচনার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৈঠকের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি। তবে পাকিস্তানি কর্মকর্তারা সম্ভাব্য অংশগ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করেছেন, যা পরিবর্তিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটনের প্রস্তাবিত পরিকল্পনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালি চালু রাখার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিপরীতে তেহরান প্রণালির নিয়ন্ত্রণ, জাহাজ চলাচলে শুল্ক আরোপ এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে।
লেবানন প্রসঙ্গও আলোচনায় বড় বাধা হয়ে উঠেছে। যুদ্ধবিরতির পরও সেখানে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় উত্তেজনা কমেনি। পাকিস্তান এই অঞ্চলকে যুদ্ধবিরতির অংশ মনে করলেও ইসরায়েল তা মানছে না।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেয়েছেন এবং আলোচনার ফল নিয়ে তিনি আশাবাদী।
তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন ভ্যান্স। তার ভাষ্য, ইরান যদি আলোচনায় অসততা দেখায়, তাহলে যুক্তরাষ্ট্র তা কঠোরভাবে মোকাবিলা করবে।
































