ইরানের জ্বালানি তেল-খার্গ দ্বীপ দখল নিতে চাই: ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১০:২৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 121
ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়াই তার অন্যতম পছন্দের পরিকল্পনা। একই সঙ্গে তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ-এর নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “হয়তো আমরা খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, আবার হয়তো নেব না-আমাদের হাতে অনেক বিকল্প আছে।”
খার্গ দ্বীপকে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এই দ্বীপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মানে কার্যত ইরানের জ্বালানি অর্থনীতির ওপর সরাসরি প্রভাব বিস্তার করা। ফলে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, খার্গ দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। তার ভাষায়, “আমার মনে হয় না তাদের উল্লেখযোগ্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি নিয়ন্ত্রণে নিতে পারি।”
বিশ্লেষকদের মতে, ইরানের তেল ও কৌশলগত স্থাপনার ওপর নিয়ন্ত্রণ নেওয়ার এমন প্রকাশ্য বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। খবর-আল জাজিরা
































