ইউরোপে জেট ফুয়েল মজুদ ছয় সপ্তাহ: আইইএ

- সর্বশেষ আপডেট ০৭:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 76
ইউরোপে জেট ফুয়েলের সরবরাহ পরিস্থিতি দ্রুত সংকুচিত হচ্ছে এবং বর্তমান মজুদ দিয়ে বড়জোর ছয় সপ্তাহ চলতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল এ পরিস্থিতিকে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছেন।
আল-জাজিরার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোল জানান, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে গভীর চাপের মধ্যে ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ইউরোপে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, এমনকি ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তার ভাষায়, এটি এখন পর্যন্ত দেখা অন্যতম গুরুতর জ্বালানি সরবরাহ সংকটের ইঙ্গিত।
আইইএ প্রধান আরও ইঙ্গিত দেন, সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না। পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতি, প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।





































