ইইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী ওএসডি
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 19
শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইইডির চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমাম। রবিবার (২৬ জুলাই) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপনে শাহজাহান আলীকে ওএসডি এবং মো. আলী ইমামকে প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ইইডি সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর পাঁচজন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে শাহজাহান আলীকে প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ শাখায় চলতি দায়িত্ব দেওয়া হয়।
অধিদফতরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অনুমোদিত পদ রয়েছে ১২টি। এর মধ্যে নয়টি সার্কেল এবং তিনটি প্রধান কার্যালয়ের জন্য। সংশ্লিষ্টদের দাবি, সে সময় সব পদ পূর্ণ থাকা সত্ত্বেও অতিরিক্ত পদোন্নতি দেওয়া হয়। পরে শূন্য পদ না থাকলেও কয়েকজনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন ওঠে।
শাহজাহান আলীকে ওএসডি করার পর ইইডির অভ্যন্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অধিদফতরের একাধিক সূত্রের দাবি, তার সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও কয়েকজন কর্মকর্তার বদলির সম্ভাবনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
মন্ত্রণালয় ও ইইডির একাধিক কর্মকর্তার অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজ-সংক্রান্ত বিভিন্ন ফাইল অনুমোদন ও ছাড়ের ক্ষেত্রে কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কয়েকটি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আলোচিত অভিযোগগুলোর মধ্যে শাহজাহান আলীর নামও এসেছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে শাহজাহান আলীর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা রয়েছে। সে সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা-মন্ত্রীর সঙ্গে তার তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শাহজাহান আলী। তিনি বাংলা অ্যাফেয়ার্সকে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
শাহজাহান আলীকে ওএসডি করার কারণ জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, “বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অনিয়মে জড়ালে তাকে শাস্তি পেতেই হবে।”































