ইইউ’র সংস্কার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি
- সর্বশেষ আপডেট ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 24
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইইউর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে রূপ নিয়েছে।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন ও সুশাসন। এসব বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, যেখানে তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের অন্যতম লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইইউকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান, অন্যদিকে রাষ্ট্রদূত মিলার সংস্কার প্রক্রিয়ায় ইইউর সমর্থন অব্যাহত রাখার পুনরায় আশ্বাস দেন।





































