আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

- সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 164
আশুলিয়ায় আন্দোলনের সময় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে ঘটনাটিকে অত্যন্ত নৃশংস বলে উল্লেখ করে অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ স্বাক্ষরের পর ৫৯১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের কর্মী রনি ভূঁইয়া।
এ মামলায় আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মাসুদুর রহমান, নির্মল কুমার দাস এবং ডিবি পুলিশের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
এ ছাড়া আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করেছে আদালত।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছে, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি অংশগ্রহণের যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। তবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানে সহযোগিতা করায় দায় এড়াতে পারেননি।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছিল। রোববার তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় আন্দোলনের সময় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের লাশ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস-সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ থেকে এটি প্রথম রায়।































