সংস্কৃতিমন্ত্রী
আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

- সর্বশেষ আপডেট ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 121
বাংলা নববর্ষ আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সভায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে দীর্ঘদিনের নামকরণ বিতর্কের অবসান ঘটিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকের এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ, যার শিকড় প্রাচীন কৃষিভিত্তিক সমাজে নিহিত।
কৃষিকাজ, ঋতুচক্র ও নতুন বছরের সূচনাকে কেন্দ্র করে এ উৎসবের বিকাশ ঘটেছে। গ্রামীণ সমাজে বৈশাখকে ঘিরে মেলা, গান, নৃত্য ও নানা লোকজ আয়োজনের মাধ্যমে এ উৎসব উদযাপিত হয়ে আসছে।
মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ মূলত আনন্দ ও মঙ্গলের প্রতীক। নতুন বছরকে স্বাগত জানাতে অতীতের গ্লানি ভুলে ভবিষ্যতের মঙ্গল কামনা করাই এ উৎসবের মূল দর্শন। আনন্দ শোভাযাত্রাকে ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছিল, অনেকে বলেছিল সেটা হয়তো প্রত্যাহার করা হতে পারে।
সেই জায়গাটা পরিবর্তন হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কি ইউনেস্কোর দ্বারা পরিচালিত সরকার নাকি? আগে যখন আনন্দ শোভাযাত্রা ছিল তখনও তো ইউনেস্কো ছিল, আগে যখন মঙ্গল শোভাযাত্রা ছিল, তখনও ইউনেস্কো ছিল। এখন আমরা জাস্ট ইউনেস্কোকে জানিয়ে দেবো যে আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে। ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও তারা উল্লেখ করেছেন।
































