শিরোনাম
আওয়ামী আমলে ডিবি–ডিএমপি কর্মকর্তাদের সম্পদ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 163
আওয়ামী লীগ সরকারের আমলের দীর্ঘ সময়জুড়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।
অভিযোগগুলো যথাযথভাবে অনুসন্ধান না হওয়ায় দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারী আইনজীবী।
শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকুর আলী জুনু এই রিট দায়ের করেন।
আবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের সময়ে এসব অভিযোগ নিয়ে কার্যকর তদন্ত হয়নি, যার ফলে জবাবদিহির ঘাটতি এবং জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে।
রিটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের পূর্ণাঙ্গ যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত শিগগিরই শুনানির তারিখ নির্ধারণ করতে পারে বলে জানা গেছে।
































