আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশী মোস্তারি
- সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 195
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি-র নাম ঘোষণা করেছে।
এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার স্বীকৃতি পেলেন মোস্তারি। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সম্মান অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ওই আসরে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখান রংপুরের মেয়ে মোস্তারি। পুরো টুর্নামেন্টে তিনি ৪৫ দশমিক ৮০ গড়ে এবং ১৪৫ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করেন।
মাসসেরা হওয়ার দৌড়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস। তবে পারফরম্যান্সের বিচারে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন মোস্তারি।
টুর্নামেন্টে ছয় ম্যাচের সবকটিতে জয় পেয়ে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে জুনে ইংল্যান্ড-এ অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এদিকে একই দিনে পুরুষ বিভাগের মাসসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে জানুয়ারির সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।






























