অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 48
অর্থের সংকটে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে।
মন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রেই মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
মূক ও বধির ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যথাযথ চিকিৎসা ও থেরাপির মাধ্যমে তাদেরও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের আগে মন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারের উদ্বোধন করেন। তিনি জানান, জন্মগতভাবে বা পরবর্তী সময়ে শ্রবণশক্তি হারানো এবং অন্য কোনো উপায়ে যাদের শ্রবণক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব নয়, তাদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্টেশন করা হচ্ছে। অস্ত্রোপচারের পর এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদের স্বাভাবিকভাবে কথা বলতে শেখানো হবে। ভবিষ্যতে এ সেবা বিভাগীয় পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরে হেড অ্যান্ড নেক–সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক এবং চিকিৎসাসহায়ক বিভিন্ন ডিভাইস বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর।
































