অপ্রতীমের শেষ মুহূর্তের সিসিটিভি ফুটেজে যুবক
- সর্বশেষ আপডেট ০৭:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 124
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার আগে স্থানীয় একটি মার্কেটের সামনে এক যুবকের সঙ্গে তার সাক্ষাতের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায়, অপ্রতীম স্থানীয় ময়নামতি ট্রেডার্সের সামনে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো ক্যাপ পরা এক যুবকের সঙ্গে তাকে হাত মেলাতে দেখা যায়। ওই সময় যুবকটি ‘মা ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনে দাঁড়িয়ে ছিলেন। অপ্রতীমের হাতে একটি আইফোনও দেখা যায়।
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) তুহিন নামের এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে পুলিশ। এর ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তবে তাকে আটকের কারণ বা তার বিরুদ্ধে কী ধরনের সন্দেহ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।




























