অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৪:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 40
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড় সংলগ্ন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। এই গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠনের ষড়যন্ত্র চলছে। যারা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তাদের কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা দেশে ঐক্যবদ্ধ রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, দুটি বাস পুড়িয়ে কিংবা কিছু কর্মকাণ্ড করে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























