অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক প্রভাব থেকে: টিআইবি

- সর্বশেষ আপডেট ০৫:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 127
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানাচ্ছে, অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর না হওয়ার পেছনে মূলত দুইটি কারণে প্রতিরোধ তৈরি হচ্ছে—একটি আমলাতন্ত্র ও আরেকটি রাজনৈতিক প্রভাব।
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান অধ্যাদেশের পরিস্থিতি মূলত রাজনৈতিক অঙ্গন থেকে সৃষ্ট অভ্যন্তরীণ প্রতিরোধের ফল। এ প্রক্রিয়ায় আমলাতন্ত্রও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অধ্যাদেশ বাতিলের পক্ষে যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে, তার অনেকটাই আমলাতন্ত্র থেকেই এসেছে।”
সোমবার টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বর্তমান সময়টা দুদকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নেতৃত্বের অভাবে প্রতিষ্ঠানটি কার্যকর হতে পারছে না। নতুন কমিশন গঠন ও অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়া দ্রুত এগোতে হবে।”
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশন ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিও তুলেছে টিআইবি।
টিআইবি জানাচ্ছে, অধ্যাদেশে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশনের প্রত্যাশা পুরোপুরি পদদলিত হয়েছে। ‘স্বাধীন’ বা ‘নিরপেক্ষ’ শব্দগুলো ব্যবহার না করে এটি একটি ‘সংবিধিবদ্ধ সংস্থা’ হিসেবে বর্ণিত হয়েছে। অধ্যাদেশের গঠন, কার্যপরিধি ও প্রক্রিয়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক।
অবসরপ্রাপ্ত পুলিশ ও সরকারি কর্মকর্তাকে কমিশনের সদস্য ও সদস্য-সচিবের কর্তৃত্ব দেওয়া হয়েছে, যা অভূতপূর্ব। এতে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের কার্যক্ষমতা ক্ষুণ্ণ হচ্ছে। সরকারের নিয়ন্ত্রণ ও স্বার্থের প্রভাবও প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অধ্যাদেশে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে একই সঙ্গে তথ্য পরিচালনা ও সেবা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সদস্য নির্বাচন প্রক্রিয়ায় সরকারপ্রধান কমিটি নিয়ন্ত্রণ রাখছে, যা স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
































