৫৭ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 24
কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে ব্যর্থতার পর দুলীপ ট্রফির সেমিফাইনালে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টের ৫৭ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছে পূর্বাঞ্চলের এই তরুণ ব্যাটার।
মধ্যাঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে ৮১ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেছে বৈভব। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। মাত্র ৮ রানের জন্য শতক হাতছাড়া হলেও গড়ে ফেলেছে দুলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অর্ধশতকের রেকর্ড।
৪২ বলে অর্ধশতক পূর্ণ করে বাঁহাতি এই ওপেনার। বিশাল এক ছক্কায় নিজের ফিফটি পূর্ণ করে এ তরুণ। মাত্র ১৫ বছর ১৭৫ দিন বয়সে এই কীর্তি গড়েছে বৈভব।
এর আগে দুলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশতকের রেকর্ড ছিল লক্ষ্মণ সিংহের দখলে। তিনি ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে অর্ধশতক করেছিলেন। প্রায় ৫৭ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিল বৈভব।
দুলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতকের রেকর্ডও গড়ার সুযোগ ছিল তার সামনে। তবে হর্ষ দুবের বলে আউট হয়ে ৯২ রানে থামতে হয় তাকে।
তবে রেকর্ড গড়ার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে আবারও শতকের দিকে ছুটতে পারবে বৈভব। পূর্বাঞ্চল ফাইনালে উঠলে তার সামনে থাকবে আরও একটি ম্যাচ। ফলে এবারের দুলীপ ট্রফিতেই সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতকের নজির গড়ার সুযোগ থাকছে তার সামনে।
সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২৬৬ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার ও অভিজিৎ সরকার নেন ৩টি করে উইকেট। মোহাম্মদ কুরেশি নেন ২ উইকেট এবং মোহাম্মদ শামি শিকার করেন ২টি উইকেট। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন রিঙ্কু সিং।
জবাবে ব্যাট করতে নেমে বৈভবের ঝড়ো ইনিংসে দারুণ শুরু পায় পূর্বাঞ্চল। তবে হর্ষ দুবে, আরিয়ান পান্ডে ও যশ ঠাকুরের তোপে লিড তুলতে পারেনি দলটি। হর্ষ ৪, যশ ও আরিয়ান ৩টি করে উইকেট তুলে নিয়ে পূর্বাঞ্চলকে ২৬৬ রানে আটকে দিয়েছেন।



























