হামে ৮ শিশুর মৃত্যু, একদিনে রেকর্ড সংখ্যক ভর্তি
- সর্বশেষ আপডেট ০৫:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 17
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু এবং একদিনে সর্বোচ্চ সংখ্যক হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ থাকা মোট ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ১৪৩ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত করা হয়েছে, বাকিদের শরীরে উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে রোববার (২৬ এপ্রিল) পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত শিশুদের মধ্যে একজনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত করা হয়েছে। বাকি মৃত্যুগুলো উপসর্গজনিত বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৪৩ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ৩২ হাজার ২৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩ জন।
ঢাকায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখানে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১০২ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
































