হবিগঞ্জে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক
- সর্বশেষ আপডেট ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 58
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাহাবউদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইয়াফিনের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় ইয়াফিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত বলে স্থানীয়দের দাবি। মঙ্গলবার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাহাবউদ্দিন মিয়ার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ইয়াফিনের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাহাবউদ্দিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে ইয়াফিনকে আটক করে।
স্থানীয়দের ভাষ্য, ইয়াফিন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন। তবে বাবা-ছেলের মধ্যে কী নিয়ে বিরোধ হয়েছিল এবং হামলার প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সাহাবউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে ইয়াফিন নেশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সাহাবউদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনে কী ছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





























