সৌদির রিয়াদ বিমানবন্দর যত দিন বন্ধ থাকবে
- সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 13
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার আশঙ্কায় বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। এতে সৌদি আরবের রাজধানীর আকাশপথে বিমান চলাচল কার্যত ব্যাহত হচ্ছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাতে হুথিরা দাবি করে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানিয়েছিল, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
হুথিরা আরও দাবি করেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত এলাকায় একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার জারি করা বিমান চলাচলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ অক্টোবর রাত ৯টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। রোববারের আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হন।
সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবের বিমান চলাচল খাতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিঘ্নগুলোর একটি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে আগে থেকেই চাপের মুখে থাকা বিমান পরিবহনশিল্পের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উড়োজাহাজের জ্বালানির বাড়তি দাম, যা বিমান সংস্থাগুলোর মুনাফায় চাপ সৃষ্টি করছে।
এ ছাড়া সশস্ত্র সংঘাতে বেসামরিক বিমান চলাচলকেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া নিয়েও উদ্বেগ বাড়ছে।
বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া সদস্যভিত্তিক সংস্থা অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্য করে এ ধরনের ধারাবাহিক ও তীব্র হামলা নজিরবিহীন।
তিনি বলেন, বর্তমান ঝুঁকির পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা নতুন করে ভাবতে হবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
সূত্র: রয়টার্স



































