সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৩:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 11
বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সময়সূচি মিললেই প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। তিনি বলেন, সফরের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে একাধিকবার দেশ পরিচালনা করেছে। জনগণের আস্থার কারণেই দলটি বারবার নির্বাচিত হয়েছে। বিএনপি বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখন তা পুনরুদ্ধারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এদিকে, গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। ভারতের রাজধানীতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত ওই অনুষ্ঠানে দিল্লি পুলিশের বাধার কারণে সেমিনারটি বাতিল করা হয়।
এ বিষয়ে হুমায়ূন কবির বলেন, নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে ওই কর্মসূচির অনুমতি না দেওয়ার বিষয়টি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
এর আগে আগস্ট মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সফরটি হয়নি। ভারত সফরের বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছিল। এবার সফর নিয়ে ঢাকার পক্ষ থেকে সময়সূচি সমন্বয়ের কথা জানানো হলো।






















