যে কারণে ৮০ লাখ লোককে নোটিশ দেবে এনবিআর
- সর্বশেষ আপডেট ১০:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 21
দেশে কর ব্যবস্থায় শৃঙ্খলা আনতে আয়কর রিটার্ন জমা না দেওয়া প্রায় ৮০ লাখ ইটিআইএনধারীর তালিকা তৈরি করে তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, ডিজিটাল ডাটাবেজ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নন-ফাইলারদের শনাক্ত করা হবে এবং তাদের কাছে ধাপে ধাপে নোটিশ পাঠানো হবে। রোববার রাজধানীতে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী থাকলেও তাদের বড় একটি অংশ এখনো রিটার্ন জমা দেয়নি। অটোমেটেড সিস্টেমে কারা রিটার্ন দেননি তা চিহ্নিত করা হবে, এরপর তাদের নোটিশ পাঠানো হবে। তাতেও সাড়া না মিললে মাঠপর্যায়ে গিয়ে আয়-ব্যয়ের হিসাব যাচাই করা হবে।
তিনি আরও জানান, কর নিরীক্ষা প্রক্রিয়ায় ম্যানুয়াল নির্বাচন পুরোপুরি বাদ দিয়ে ঝুঁকিভিত্তিক অটোমেটেড সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে নিরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভ্যাট ব্যবস্থার প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা তুলনামূলকভাবে কম। এটি বাড়াতে এবং প্রক্রিয়াকে সহজ করতে কাজ চলছে। ভবিষ্যতে অনেক ক্ষেত্রে মাসিক রিটার্নের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিয়ে সহজ ব্যবস্থাও চালু হতে পারে।
তিনি আরও বলেন, কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। উৎপাদিত পণ্যে কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যাতে পণ্যের কর-অবস্থা সহজেই যাচাই করা যায়।
এনবিআর চেয়ারম্যান সাধারণ মানুষকে তথ্য যাচাইয়ের অংশীদার হিসেবে যুক্ত করার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, নাগরিকদের অংশগ্রহণ বাড়লে কর ফাঁকি কমানো সম্ভব হবে এবং কর ব্যবস্থা আরও স্বচ্ছ হবে।































