যশোরে ব্যবসায়ী অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি
- সর্বশেষ আপডেট ০৫:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 209
যশোরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অপহৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে এবং বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে নিজের পালসার মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অপহরণের কিছুক্ষণ পর রাত প্রায় ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল আসে। কলকারী নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেশমা খাতুন।
যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে কাজ শুরু করেছে। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত অগ্রগতি জানানো হবে।






























