মহেশখালীতে নিউজিল্যান্ডের পরিবারের নৌকাডুবি, নিখোঁজ কিশোর
- সর্বশেষ আপডেট ০৮:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 152
কক্সবাজারের মহেশখালী চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের ১৬ বছর বয়সী কিশোর আলবার্ট এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ও উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জন এডওয়ার্ড পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা থেকে নিজেদের তৈরি একটি কাঠের নৌকায় সমুদ্রে ভ্রমণে বের হন। পরে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় নৌকাটি দুর্ঘটনাক্রমে ডুবে যায়।
নৌকাডুবির বিষয়টি দেখতে পেয়ে আশপাশে থাকা জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আলবার্ট নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোটও মোতায়েন করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

































