বিতর্কের পর ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ দাঁড়িপাল্লা
- সর্বশেষ আপডেট ০৬:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 39
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহার করা দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিতর্কের মুখে প্রতীকটি সরিয়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তর শুধু নামের মাধ্যমে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা; এই চারটি স্তরের নাম বইয়ে থাকবে। তবে কোনো স্তর বোঝাতে আলাদা প্রতীক বা আইকন ব্যবহার করা হবে না। ইতিমধ্যে ছাপানো বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় পরিমার্জিত নতুন পৃষ্ঠা যুক্ত করে শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হবে।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা; চারটি স্তরের নাম থাকবে, তবে কোনো আইকন রাখা হবে না। চলতি বছর এভাবেই বই সরবরাহ করা হবে। পরের বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না যায়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে চলে যাওয়া বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর আবার শিক্ষার্থীদের কাছে সরবরাহের কথা জানানো হয়। তবে দাঁড়িপাল্লার পরিবর্তে কোন প্রতীক ব্যবহার করা হবে, তা তখনো চূড়ান্ত হয়নি।
এনসিটিবি সূত্র জানায়, যেসব বই ইতিমধ্যে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে, সেগুলোর জ্ঞানের পিরামিডের ছবি থাকা পৃষ্ঠায় নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করা হবে। এ পর্যায়ে পুরো বই পরিবর্তন করা সম্ভব নয়। এতে অতিরিক্ত খরচ ও সময় লাগবে।
দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের বিষয়ে গত শনিবার প্রেস মালিকদের সঙ্গে বৈঠক করে এনসিটিবি। সংশ্লিষ্ট কয়েকজন প্রেস মালিক জানিয়েছেন, বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠায় নতুন করে ছাপানো পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে তাঁরা সম্মতি দিয়েছেন।
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। এতে নিচ থেকে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা; চারটি স্তর দেখানো হয়েছে। উপাত্তের স্তরে বৃত্তাকার প্রতীক, তথ্যে পরমাণু বা নেটওয়ার্কের মতো দেখতে প্রতীক, জ্ঞানে মানুষের মস্তিষ্কের ছবি এবং প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। এর বেশির ভাগই ইতিমধ্যে ছাপা হয়েছে। এ ছাড়া নতুন শিক্ষাবর্ষের জন্য সব মিলিয়ে প্রায় ৩১ কোটি বই ছাপানোর কাজ চলছে।
আগের শিক্ষাবর্ষের বইয়ের সঙ্গে তুলনা করলেও প্রজ্ঞার প্রতীক নিয়ে পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়। ২০২৫ শিক্ষাবর্ষের পরিমার্জিত ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ছিল। তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে থাকা বইয়ে এ স্তর বোঝাতে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবার দাঁড়িপাল্লার ছবি যুক্ত করা হলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

































