১ নভেম্বর থেকে উন্মুক্ত
পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে পর্যটক সীমিত
- সর্বশেষ আপডেট ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 45
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটক সংখ্যা সীমিত রাখা, নির্দিষ্ট ঘাট থেকে জাহাজ চলাচল এবং পরিবেশ সংরক্ষণ ফি দেওয়াসহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণের ক্ষেত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। দ্বীপটিতে যাতায়াতের জন্য অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে। টেকনাফ থেকে জাহাজ চলাচলের পরিবর্তে এই ঘাটকেই নির্ধারিত করা হয়েছে।
দ্বীপটির পরিবেশ সুরক্ষায় পর্যটকের সংখ্যাও সীমিত রাখা হবে। প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। এ ছাড়া প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পাশাপাশি ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা আগের প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

































