মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়
- সর্বশেষ আপডেট ০৬:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 163
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও ছয়জন সদস্য যুক্ত হতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সম্ভাব্য ছয়জনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম জানা গেছে। তাদের মধ্যে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
সম্ভাব্য নতুন সদস্যরা হলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনাও রয়েছে। বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

































