মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন আরও ৪ জন
- সর্বশেষ আপডেট ০৩:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 8
সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে।
মন্ত্রিসভায় সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে বিএনপি নেতা আবদুল মঈন খান এবং জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় রয়েছে।
এ ছাড়া আরও দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। তবে নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিদের নাম ও পদ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন সদস্যদের শপথের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ কারণে রাতে শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যাতায়াতের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই জানান, গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী গাড়ি পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি।






























