মন্ত্রিসভায় তিন নারী

- সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 324
দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নারী নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৫০ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভায় তিনজন নারীকে গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া চূড়ান্ত তালিকা অনুযায়ী, নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে একজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রভাবশালী তিন নারী নেতা।
তালিকা অনুযায়ী, বিএনপির জ্যেষ্ঠ নেত্রী আফরোজা খানম পূর্ণমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পর্যটন খাত পুনর্গঠন এবং বিমানসেবার মান উন্নয়নে তার রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন দলের দুই পরিচিত মুখ শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। দায়িত্ব বণ্টন অনুযায়ী, ফারজানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নারী অধিকার সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণমূলক কার্যক্রম জোরদারে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে দলের আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় নেতা শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের কূটনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে বিবেচনায় এনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

































