ভোটের উত্তেজনায় ঘুম উড়ে গেছে প্রভার
- সর্বশেষ আপডেট ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 215
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীরা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
ভোট দিতে শরীয়তপুরে নিজের গ্রামের বাড়িতে গেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে তাঁর ঘুমই হয়নি।
প্রভা বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ ছিল পুরোপুরি উৎসবমুখর। তাঁর ভাষায়,
‘ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুব এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, উত্তেজনার কারণে গত রাতে ঘুমাতে পারিনি।’
নিজের দায়িত্ববোধের কথা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ব্যস্ত কাজের সূচি থাকা সত্ত্বেও তিনি ভোট দিতে এসেছেন দেশের প্রতি দায়বদ্ধতা থেকে।
‘অনেক কাজ ফেলে কষ্ট করে এসেছি। ছুটির দিন, চাইলে বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি।’
দেশ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান প্রভা। তিনি বলেন,
‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। একাত্তরের চেতনা, একুশের আবেগ, বইমেলা, ছাব্বিশে মার্চ, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ—সবকিছু মিলিয়েই বাংলাদেশ। পাশাপাশি সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, সেটাই চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ আমার প্রত্যাশা।’
ভোটের দিনটিকে নিজের জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে অভিনেত্রী বলেন,
‘শৈশবের মতো একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার স্বপ্নই আমার।’

































