বরগুনায় জলবায়ু সহনশীলতা বাড়াতে নতুন প্রকল্প

- সর্বশেষ আপডেট ০৩:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 182
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব জীবিকার সুযোগ সৃষ্টি ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে বরগুনায় ‘রেসকোস্ট’ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) বরগুনা সদর উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের অংশীদারত্বে প্রকল্পটির সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের লক্ষ্য ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরা এবং সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদার করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট, এনভায়রনমেন্ট সাসটেইনেবল কোস্টাল কমিউনিটিজ’ (রেসকোস্ট) প্রকল্পের আওতায় বরগুনার ছয়টি জলবায়ু সহনশীল গ্রামের ১ হাজার ৮১৫টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় পরিবার সরাসরি সহায়তা পাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৃষিভিত্তিক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রকল্পটিতে অর্থায়ন করা হচ্ছে। যুব নারী ও ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এতে সভাপতিত্ব করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীথি দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান এবং সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন ভূঁঞা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও প্রকল্পের অন্যান্য অংশীজন কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আজিজ বলেন, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। তাঁর মতে, রেসকোস্ট প্রকল্প বরগুনায় টেকসই জীবিকা, পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের মধ্যে জলবায়ু সহনশীল কৃষি, টেকসই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলো তুলে ধরা হয়।
বিশেষ অতিথিরা প্রকল্পটিকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় পরিবারগুলোকে পরিবেশবান্ধব ও টেকসই জীবিকা গ্রহণে সহায়তা করা হবে। পাশাপাশি কিশোরী, নারী ও তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।































