ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী
- সর্বশেষ আপডেট ১১:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 17
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে মামলা পরিচালনার অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিবের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বার কাউন্সিলের কাছে ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি চেয়েছেন।
আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি নিয়ে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন। যুক্তিসংগত কারণ ছাড়া এ অনুমতি আটকে রাখা যাবে না বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে চলায় দুই ব্রিটিশ আইনজীবীর ট্রাইব্যুনালে উপস্থিতির অনুমতি জরুরি ভিত্তিতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, দুই আইনজীবীর ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি এবং তাঁদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।































