প্রীতম–শেহতাজের বিচ্ছেদ, জানালেন কারণ
- সর্বশেষ আপডেট ০২:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 31
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রোববার রাতে পৃথক ফেসবুক পোস্টে বিষয়টি জানান দুজনই। পরে শেহতাজও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রীতম তার পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।
বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বলেও জানান প্রীতম। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও তার ফেসবুক পোস্টে প্রায় একই বক্তব্য দেন। তিনি জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকার কথাও উল্লেখ করেন তিনি।
দুজনই জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই তাদের জন্য ভালো হবে। এ সিদ্ধান্তে পরিবারের সমর্থন ও সম্মতিও ছিল।
জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সময় তাদের পরিচয় হয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন দুজন।
চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় প্রীতম ও শেহতাজকে। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত রোববার পৃথক পোস্টের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন তারা।
































