নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা
- সর্বশেষ আপডেট ০৪:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 21
শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে শিক্ষকদের অবদানকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন।
জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুহা. শাহনুর জামান, জেলা সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) মো. খালিদ হোসেন শিমুলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ ছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর প্রতিনিধি এবং নরসিংদী আন্তজেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা, পলাশ পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা এবং নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও অধিকার এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষক সমাজের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় জনসচেতনতা তৈরিই দিবসটির অন্যতম লক্ষ্য।





























