প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- সর্বশেষ আপডেট ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 113
এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জেলা প্রশাসক।
তিনি জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
ফরিদা খানম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।



































