কাজী জেসিন
বিটিভিকে জনআস্থার আধুনিক চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০২:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 127
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন বিটিভির মহাপরিচালক।
কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে এমন একটি চ্যানেল হিসেবে দেখতে চান, যার ওপর সাধারণ মানুষের আস্থা থাকবে। তার ভাষ্য, অতীতে বিটিভিকে দলীয় প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি দর্শকের আস্থা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্যোগ দেখা যায়নি।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার বিটিভিকে নিয়ে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তা বাস্তবায়নের উদ্যোগও শুরু করেছেন।
বিটিভির মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে ‘নয়া বন্দোবস্তের’ কথা বললেও বাস্তবে কী হয়েছে, তা দেশবাসী দেখেছেন। তার মতে, নয়া বন্দোবস্তের কথা না বলেও প্রধানমন্ত্রী নীরবে পরিবর্তনের কাজ এগিয়ে নিচ্ছেন।
কাজী জেসিন জানান, বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা তাকে অভিভূত করেছে। শুধু পুরোনো অবস্থানে ফিরিয়ে নেওয়া নয়, বিটিভিকে আরও আধুনিক, অনন্য ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে চান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ কাজ নয়। তবে কাজটি একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দের। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।
শেষে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এই উদ্যোগে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন কাজী জেসিন।





























