নালিতাবাড়ীতে ১০০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 49
শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রানীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) এবং একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)। জুয়েল রানা স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে নিয়ে পূর্বের মামলার তথ্য যাচাই করা হয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে আটটি মামলা এবং কাউছার আলীর বিরুদ্ধে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালান ও অপরাধ দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






























