নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

- সর্বশেষ আপডেট ০২:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 196
বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুমা আলম এবং সহসভাপতি হয়েছেন আলো আরজুমান বানু। সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে সংস্থাটির ৪২তম বার্ষিক সাধারণ সভা ও ১৪তম সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
নতুন পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাফিকা খান। সদস্য হিসেবে রয়েছেন সাজেদা বেগম, ড. মমতাজ খানম, ডা. ফারহানা জামান, সাবিহা আহম্মেদ ও অ্যাডভোকেট জাকিয়া আনারকলি।
সদস্যদের পরিচিতি পর্বের পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সংস্থার বার্ষিক কর্মপ্রতিবেদন, আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সাধারণ পরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাসুমা আলম বলেন, নারী মৈত্রী দীর্ঘদিন ধরে নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং জীবনমান উন্নয়নে কাজ করছে। এ ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী সংস্থার কার্যক্রম আরও এগিয়ে নেওয়া নতুন পরিষদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে চান তাঁরা। এ ক্ষেত্রে সংস্থার সদস্য, কর্মী, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে এসব কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে উন্নয়নসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৮৩ সালে একদল নারী অধিকারকর্মীর উদ্যোগে নারী মৈত্রী প্রতিষ্ঠিত হয়। নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সার্বিক উন্নয়ন সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ও শহরাঞ্চলে এসব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
































