তিস্তা মহাপরিকল্পনায় দৃশ্যমান অগ্রগতি চান শফিকুর রহমান
- সর্বশেষ আপডেট ০৭:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 36
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দেওয়া অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন এখন জনগণ দেখতে চায়। প্রকল্পটি বড় হওয়ায় সময় লাগতে পারে, তবে আন্তরিকভাবে কাজ শুরু হয়ে তার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশের চারটি বিভাগ—চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—বর্তমানে বন্যার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উজানে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর অঞ্চলে প্রতি বছরের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জোরালোভাবে তোলা হয়েছে এবং সরকারও এ বিষয়ে অঙ্গীকার করেছে। এখন সেই অঙ্গীকার বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায় রয়েছে জনগণ।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে দুর্ভোগ তৈরি হয়, যা দীর্ঘদিনের সমস্যা। এ অবস্থার স্থায়ী সমাধান সরকারের দায়িত্ব হলেও বিরোধী দল হিসেবে সমস্যাগুলো তুলে ধরা এবং জনগণের দাবি আদায়ে কাজ করা তাদেরও দায়িত্ব।
তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয়ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকেও সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
পরে শফিকুর রহমান বাঁশখালী উপজেলার গুনাগরি এবং সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বকশিরখিলসহ কয়েকটি বন্যাদুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

































