আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধানের চারা রোপণ
- সর্বশেষ আপডেট ০৬:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 49
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা থাকা একটি জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। জমির দখল নিয়ে এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিত বাড়ির পাশের এবং ২ নম্বর স্কুলসংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, এওয়াজপুর মৌজার জে.এল. নং-৮০, খতিয়ান নং-৫৯১ ও দাগ নং-১৯০৭-এর ৯৪ শতাংশ জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সিভিল জাজ আদালতে দে. নং-২৪৬/১২ মামলা বিচারাধীন। ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু, আলমগীর, বিলকিস বেগম, হোসেন রাকিব, মানসুর, হাফেজ ও জাহাঙ্গীরসহ কয়েকজন ভোরের দিকে ওই জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করেন।
মিজানুর রহমান বলেন, জমিটি নিয়ে মামলা আদালতে বিচারাধীন এবং সেখানে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এরপরও চারা রোপণের ঘটনায় তিনি ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মঞ্জু ও তার সহযোগীরা এলাকায় প্রভাবশালী। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় জমি দখল, জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ অস্বীকার করে মঞ্জু বলেন, ‘আমরা ওই জমিতে কোনো ধানের চারা রোপণ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। চারা রোপণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে গিয়ে কাউকে চারা রোপণ করতে দেখেনি।





























