জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- সর্বশেষ আপডেট ১২:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 81
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
সফর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো কর্মসূচিজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।






























