জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি
- সর্বশেষ আপডেট ০৫:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 30
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা রহমানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বহিরাগতদের নিয়ে মনগড়া ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
রোববার (৩০ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য রেজাউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রায়হানুল ইসলাম, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মনীতি উপেক্ষা করে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করেছেন। এ কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা অবিলম্বে ওই কমিটি বাতিল করে বিদ্যালয়ে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।




























