তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
- সর্বশেষ আপডেট ০৪:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 12
নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। উত্তরাঞ্চলে তাঁর তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ এই সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
মতবিনিময়কালে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা এবং নদীকে ঘিরে বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























